ঢাকায় পরীক্ষামূলকভাবে ছয় রুটে চালু হচ্ছে ‘এক রুট এক কোম্পানি’ বাস পরিষেবা

১ নভেম্বরের মধ্যে চালুর লক্ষ্য

মালঞ্চ পরিবহন, রমজান এন্টারপ্রাইজ, মিডলাইন পরিবহন ও রজনীগন্ধা পরিবহন মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে ঘাটারচর-সায়েন্স ল্যাব-মৎস্য ভবন-মালিবাগ-রামপুরা-ডেমরা রুটে বাস পরিচালনা করবে।

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। আগামী ১ নভেম্বরের মধ্যে অন্তত ছয়টি রুটে বাস চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ডিটিসিএর কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচটি এসি রুট ও একটি নন-এসি রুট চালু হবে। দুই মাসের মধ্যে আরো তিনটি চক্রাকার রুট চালু হবে।

বর্তমানে রাজধানীতে বাসের রুট সংখ্যা ৩৮৮। এ সংখ্যা কমিয়ে ৩২টিতে নামিয়ে আনার প্রস্তাব করেছে ডিটিসিএ। একাধিক সভার পর প্রস্তাবিত ৩২টি রুট নিয়ে নীতিগতভাবে একমত হয়েছে ডিটিসিএ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক-শ্রমিক সংগঠনগুলো। এর মধ্যে ঢাকার ভেতরের রুট ১৯টি এবং শহরতলি বা নগরের আশপাশের রুট ১৩টি। তবে যাত্রীদের চাহিদা বিবেচনায় ছোট, বড় ও চক্রাকার রুট মিলিয়ে শেষ পর্যন্ত প্রায় ৬০টি রুটের প্রয়োজন হতে পারে বলে মনে করছে ডিটিসিএ।

এ পরিকল্পনার অংশ হিসেবে গত ১৫ অক্টোবর ডিটিসিএ কার্যালয়ে ‘‌ঢাকা মহানগরীতে বাস রুট র‍্যাশনালাইজেশন কার্যক্রম’ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষামূলকভাবে চালুর জন্য ছয়টি সম্ভাব্য রুট নির্বাচন করা হয়। রুটগুলোর একটি গাজীপুর থেকে বিমানবন্দর-মহাখালী-মানিক মিয়া-কলাবাগান হয়ে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত। বিকাশ পরিবহন, বিকাশ সেবা ট্রান্সপোর্ট ও ভিআইপি পরিবহন মিলে একটি কোম্পানি গঠন করে এ রুটে বাস পরিচালনা করবে।

আরেকটি রুট হলো গাবতলী-শ্যামলী-আগারগাঁও-মহাখালী-রামপুরা-ডেমরা। এ রুটে আলিফ এন্টারপ্রাইজ, বৈশাখ পরিবহন ও রইচ পরিবহন মিলে একটি কোম্পানি গঠন করে বাস পরিচালনা করবে।

পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নেয়া আরেকটি রুট হলো দুয়ারীপাড়া-টেকনিক্যাল-আসাদগেট-নিউমার্কেট-সদরঘাট। এ রুটে ট্রান্স সিলভা, দিশারী পরিবহন, মেট্রো লিংক কোম্পানি বাস মালিক সমিতির মাধ্যমে সমন্বয় করে বাস পরিচালনা করবে।

মালঞ্চ পরিবহন, রমজান এন্টারপ্রাইজ, মিডলাইন পরিবহন ও রজনীগন্ধা পরিবহন মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে ঘাটারচর-সায়েন্স ল্যাব-মৎস্য ভবন-মালিবাগ-রামপুরা-ডেমরা রুটে বাস পরিচালনা করবে। একই পদ্ধতিতে ঘাটারচর-মোহাম্মদপুর-সায়েন্স ল্যাব-কাকরাইল-হানিফ ফ্লাইওভার-চিটাগাং রোড-কাঁচপুর রুটে বাস পরিচালনা করা হবে।

স্বাধীন পরিবহন, বিহঙ্গ পরিবহন, বিকল্প পরিবহন ও শিকড় পরিবহন বাস মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে মিরপুর ১২-ফার্মগেট-গুলিস্তান-মাওয়া পর্যন্ত রুটে বাস চালাবে।

এসব সিদ্ধান্তের আলোকে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে বিষয়টি নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ডিটিসিএর বাস রুট র‍্যাশনালাইজেশন প্রকল্পের প্রকল্প পরিচালক ধ্রুব আলম। তিনি বণিক বার্তাকে বলেন, ‘‌সভায় আগামী ১ নভেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে ছয়টি রুট একক কোম্পানির মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এ রুটগুলোর মধ্যে পাঁচটিতে নন-এসি ও একটিতে এসি বাস চলবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে তিনটি সার্কুলার রুট চালুর সিদ্ধান্তও হয়েছে।’ তবে গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নেয়া রুটগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি দিতে পারেননি।

এদিকে ঢাকায় একক কোম্পানির মাধ্যমে পরীক্ষামূলক রুট চালুর সিদ্ধান্তের পাশাপাশি পাঁচটি চক্রাকার বাস রুট চালুরও সিদ্ধান্ত নিয়েছে ডিটিসিএ। রুটগুলো হলো ফার্মগেট-পান্থপথ-সায়েন্স ল্যাব-আজিমপুর-পলাশী, মোহাম্মদপুর-মানিক মিয়া-কলাবাগান-আজিমপুর-জিগাতলা-শংকর-মোহাম্মদপুর, গুলশান-২-বনানী-গুলশান-১-আমতলী এবং শুটিং ক্লাব-নাবিস্কো-গুলশান-১। এ চারটি রুটে বাস পরিচালনা করবে ঢাকা চাকা নামের একটি কোম্পানি। অন্যদিকে কদম চত্বর-হাউজ বিল্ডিং-খালপাড়-পঞ্চবটী রুটে বাস পরিচালনা করবে উত্তরা চাকা নামের আরেকটি কোম্পানি।

ঢাকায় ‘‌এক রুট এক কোম্পানি’ পদ্ধতিতে পরীক্ষামূলক বাস চালুর উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান বণিক বার্তাকে বলেন, ‘প্রাথমিকভাবে সব মিলিয়ে ছয়টি রুটে বাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এসব রুটে একক কোম্পানির অধীনে বাস পরিচালনা করা হবে। শুরুতে দুই-তিনটি কোম্পানির বাস চললেও পরবর্তী সময়ে সেগুলো একীভূত করে একটি কোম্পানির অধীনে আনা হবে। নতুন কোম্পানির বাসগুলো একই ধরনের হবে। এরই মধ্যে বাসগুলোয় রং করার কাজ শুরু হয়েছে।’

বাস চলাচলের নতুন ব্যবস্থা কার্যকর করতে শুধু কোম্পানি গঠন ও বাস নামানোই যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রস্তাবিত রুটগুলোয় বাসস্টপ নির্ধারণ, টিকিট কাউন্টার স্থাপন এবং সড়কের পাশে অবৈধ স্থাপনা ও ফুটপাতের হকার উচ্ছেদের সিদ্ধান্তও রয়েছে। পাশাপাশি এসব রুট থেকে অবৈধ ব্যাটারিচালিত রিকশা অপসারণে ডিএমপি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ডিটিসিএর কর্মকর্তারা।

আরও