কমলনগর

বসতঘর ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, বিচার দাবি ভুক্তভোগী পরিবারের

জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও মনিরুল হক তা মানেননি।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা-এ জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক ভাইয়ের বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে মনিরুল হক মনির নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক পরিবার।

বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এর আগে বুধবার (১১ মার্চ) ভোররাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন-এর তোরাবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, তোরাবগঞ্জ গ্রামের মৃত ওহিদুল হকের ছেলে কৃষক রেজাউল হক ও তার ভাই ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল হক মনিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ভুক্তভোগী রেজাউল হক দাবি করেন, ওয়ারিশ সূত্রে পাওয়া প্রায় সাড়ে ১৭ শতাংশ জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। তবে ওই জমি নিজের দখলে নিতে তার আপন ভাই মনিরুল হক বিএনপির প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা করছেন এবং এ নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

রেজাউল হক আরো জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও মনিরুল হক তা মানেননি। বুধবার ভোরে ২০–৩০ জন বহিরাগত লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন রেজাউল হক ও তার পরিবার।

তবে অভিযোগের বিষয়ে মনিরুল হক মনিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কমলনগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও