চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

সীমান্তকে আরো সুসংহত ও কার্যকর করতে যৌথভাবে কাজ করার ব্যাপারে দুই বাহিনীর কমান্ডার একমত হন।

সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ও ভারতের ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় মেহেরপুর সদর উপজেলার ইছাখালি সীমান্তের মেইন পিলার ১২৪ এর কাছে ভারতের অভ্যন্তরে নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্প এলাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। তার সঙ্গে ছিলেন স্টাফ অফিসারসহ ৯ সদস্যের একটি প্রতিনিধি দল। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ৫৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিনয় কুমার ও তার অধীনস্থ আরো ৮ সদস্য।

সাক্ষাতের শুরুতে ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে উভয় পক্ষ। এরপর সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সীমান্ত আরো সুসংহত ও কার্যকর করতে যৌথভাবে কাজ করার ব্যাপারে দুই বাহিনীর কমান্ডার একমত হন।

বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা ও সীমান্ত সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনার তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের বিষয়ে সম্মত হন দুই কমান্ডার।

সাক্ষাৎ শেষে মেইন পিলার ১২৪ ও এর আশপাশের সীমান্ত চৌকি উভয় কমান্ডার যৌথভাবে পরিদর্শন করেন। এ সময় স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।

আরও