চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের শুনানী শেষে পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
বায়েজিদ ফৌজদারহাট লিংক রোডের চিল আপ রেস্টুরেন্টের বিপরীতে একটি পাহাড় কাটছিল মোহাম্মদ ইয়াকুব নামের এক ব্যক্তি। গত ২১ মার্চ পরিবেশ অধিদপ্তরের একটি টিম সরেজমিন পরিদর্শনে গিয়ে এর সত্যতা পায়।
পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক (মেট্রো) মিয়া মাহমুদুল হক বণিক বার্তাকে জানান, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, ৬ এর (খ) ধারা অনুযায়ী পাহাড় কাটার নানা বিধি নিষেধ রয়েছে। তারপর অবৈধভাবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই পাহাড় কাটছিল অভিযুক্ত ব্যক্তি। শুনানি শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।