ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই একই দেশের নাগরিক বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।
আজ মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরের জন্য আর্থিক অনুদান দেন মন্ত্রী। পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে খোঁজ নিয়ে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।
আফরোজা খানম বলেন, আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি আজ এ অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা প্রার্থনায় আমাকে রাখবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।
তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে। এ সময় দলীয় নেতাকর্মীসহ সবাইকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।
পরিদর্শন করা পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির।
এ সময় জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।