প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত সহায়ক ডিভাইস সরবরাহ ও কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি বাড়াতে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে এম এম ইস্পাহানি লিমিটেড। ‘অ্যারাইজ—অ্যাসিস্টিভ রিসোর্স ইন্টিগ্রেশন ফর স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট’ প্রকল্পের আওতায় এ সহযোগিতা করা হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় এ সমঝোতা স্মারক সই হয়। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বিবিডিএন। এর আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী সহায়ক ডিভাইস সরবরাহ এবং নিয়োগদাতাদের কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বিষয়ে প্রস্তুত করতে ব্রিফিং আয়োজন করা হবে।
সমঝোতা সই অনুষ্ঠানে এম এম ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার—এইচআর অ্যান্ড অ্যাডমিন ফারহানা আফরীন বলেন, অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরির অর্থ সবার জন্য অর্থবহ সুযোগ সৃষ্টি করা। বিবিডিএনের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়ক ডিভাইস ব্যবহারের সুযোগ এবং কর্মক্ষেত্রে প্রস্তুতি জোরদারে সহযোগিতা করতে চান তারা।
বিবিডিএনের পরিচালক (অপারেশনস) আজিজা আহমেদ বলেন, উপযুক্ত সহায়ক ডিভাইসের অভাব প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা। অ্যারাইজ প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় সহায়ক ডিভাইসে প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বনির্ভরতা ও কর্মসংস্থানের দিকে এগিয়ে নিতে সহায়তা করা হবে।
বিবিডিএন জানিয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) উদ্যোগে প্রতিষ্ঠিত একটি অলাভজনক ট্রাস্ট বিবিডিএন। প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করা এ নেটওয়ার্ক কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে প্রবেশগম্যতা এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক চর্চা বাড়াতে নিয়োগদাতাদের সহায়তা করে।
-সংবাদ বিজ্ঞপ্তি