প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর দুই হাতবিহীন অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। গতকাল সদর উপজেলার পাঁচদোনায় তার প্রতিষ্ঠিত প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি প্রতিষ্ঠানটির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তিনি। ২০০৭ সালে নিজ উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দুখু মিয়া। জন্ম থেকেই দুই হাত না থাকলেও পা দিয়ে লিখে পড়াশোনা করেছেন, অর্জন করেছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি। এখন সেই পা দিয়েই ব্ল্যাকবোর্ডে লিখে পাঠদান করেন তিনি। তার বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৪৫ শিশু পড়াশোনা করছে। দুখু মিয়ার স্বপ্ন, বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা।