ব্রাহ্মণবাড়িয়া পচা ডিম দিয়ে তৈরি হচ্ছিল বেকারি খাদ্য, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

পচা ডিম দিয়ে খাদ্য প্রস্তুতের অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুর ১২টায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের ভাদুঘর এলাকার এলহামপাড়ায় অবস্থিত এশিয়া বেকারিকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযানে দেখা যায়, ভাদুঘর এলাকার এলহাম পাড়ায় অবস্থিত এশিয়া বেকারিতে পচা ডিম দিয়ে বেকারি খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এ সময় জানা যায়, বেকারিটি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে এই পচা ও খাওয়ার অযোগ্য ডিম সংগ্রহ করে তা বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধমুক্ত করে বেকারি পণ্যে ব্যবহার করত। অভিযানে বেকারি মালিক বিষয়টি সত্যতা স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে মুচলেকা দেন।

এ অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে বলে সতর্ক করা হয়।

আরও