ধর্ষণ মামলায় বয়স কমিয়ে জামিনচেষ্টা

আদালত প্রাঙ্গণে আন্দোলনকারীদের ওপর হামলা, ধর্ষণবিরোধী মঞ্চের নিন্দা

ধর্ষকের বয়স কমিয়ে জামিন আদায়ের এ প্রচেষ্টা প্রতিহতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে ধর্ষণবিরোধী মঞ্চ। সেই সঙ্গে জামালপুরে ঘটে যাওয়া এমন ঘটনা যেন আর কোথাও না ঘটে সে লক্ষ্যে সতর্ক অবস্থান নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জামালপুরে ধর্ষণ মামলায় অভিযুক্তের বয়স কমিয়ে জামিন নেওয়ার চেষ্টার ঘটনার প্রতিবাদ জানাতে যাওয়া আন্দোলনকারীদের ওপর হামলা করেছে আইনজীবী ও মুহুরিদের একাংশ। মঙ্গলবার (১১ মার্চ) জামালপুর জেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধর্ষণবিরোধী মঞ্চ।

সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্ষকদের শাস্তির দাবিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরের বকুলতলা চত্বর হয়ে প্রতিবাদ মিছিল নিয়ে দয়াময়ী মোড় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় ক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় ইসলামপুরের নির্যাতনের শিকার এক নারীর ভাই জানান, আদালতে অর্থের বিনিময়ে ৩৫ বছরের ধর্ষককে ১৬ বছর দেখিয়ে জামিনের আবেদন করেছেন এক আইনজীবী।

এর প্রতিবাদ জানাতে আন্দোলনকারীরা মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণের দিকে যায়। এ সময় জেলা আইনজীবী সমিতির দায়িত্বশীলরা তাদের আলোচনার জন্য হলরুমে ডাকেন। পথিমধ্যে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায় আইনজীবী ও মুহুরিদের একাংশ। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ধর্ষকের বয়স কমিয়ে জামিন আদায়ের এ প্রচেষ্টা প্রতিহতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছে ধর্ষণবিরোধী মঞ্চ। সেই সঙ্গে জামালপুরে ঘটে যাওয়া এমন ঘটনা যেন আর কোথাও না ঘটে সে লক্ষ্যে সতর্ক অবস্থান নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আরও