মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) শহরের হোটেল বাজারে অবস্থিত নিউ বম্বে বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, অস্বাস্থ্যকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ মেলে। এ সব কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪০ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেনাবাহিনীর উপস্থিতিতে অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাবের) সদস্য, সদর থানা পুলিশের একটি টিম।
অভিযান শেষে মানসম্মত খাবার তৈরির জন্য নির্দেশনা দেয়া হয়। এ সময় ব্যবসা পরিচালনায় অসাধুপায় অবলম্বনের বিষয়ে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দলটি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।