ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে মাদকদ্রব্য, চোরাচালান, জঙ্গিবাদ, ট্রেনে পাথর নিক্ষেপ, চেইন পুলিং এবং ট্রেনের ইঞ্জিন ও ছাদে ভ্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, রেলপথ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদকদ্রব্য, চোরাচালান, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে যাত্রী ও রেলকর্মীরা গুরুতর আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ সময় ট্রেনে পাথর নিক্ষেপ, চেইন পুলিং এবং ট্রেনের ইঞ্জিন ও ছাদে উঠে ভ্রমণের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। সিলেট রেলওয়ে পুলিশ সুপার (এসপি) জান্নাত আফরোজের দিকনির্দেশনায় ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।