প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ৬২০টি কিউ জাতের আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০ কার্টনে করে আনারসগুলো বাংলাদেশে পৌঁছায়।
আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় উপহারসামগ্রী গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক অভিবাসন তল্লাশি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা।
অনুষ্ঠানে উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে ১০০ কার্টনে মোট ৬২০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। এর মধ্যে ৬০০টি আনারসের মোট ওজন ৭৪৮ কেজি।
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা উপহারের আনারস গ্রহণ করার পর ঢাকার হাইকমিশনের প্রতিনিধিরা তা বুঝে নেন। পরে একটি ছোট ট্রাকে করে আনারসগুলো ঢাকায় নিয়ে আসা হয়।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরো দৃঢ় করা এবং দুই অঞ্চলের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য রাজ্যের বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।
এর আগে, বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরায় আম উপহার দেয়া হয়েছিল।
ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাদের আম উপহার দেওয়া হয়েছিল। সেই সৌহার্দ্যের ধারাবাহিকতায় ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবার আনারস উপহার পাঠানো হয়েছে।