চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগে দুদু (২২) নামের এক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার আগে তার শরীরে গরম পানি ঢালা হয়।
গতকাল দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুরের ছেলে। তিনি দুই সন্তানের জনক, এক সন্তানের বয়স ৪ মাস।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে হাউসপুর গ্রামের হাফিজুরের ছেলে অন্তরের ভ্যান চুরি হয়। এ ঘটনায় তারা দুদুকে সন্দেহ করে। এরপর গতকাল সকালে স্থানীয় কয়েকজন দুদুর বাড়িতে তাকে খুঁজতে যায়। দুদুকে না পেয়ে তার মায়ের কাছে হুমকি দিয়ে বলে আসে, ‘দুদুকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে।’
অভিযোগ রয়েছে, ওই দিন রাত সাড় ৯টার দিকে সংঘবদ্ধভাবে দুদুকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয়। একপর্যায়ে তার নাকে গরম পানি ঢেলে নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গা একটি ক্লিনিকে নিয়ে যায় নির্যাতনকারীরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুদুকে মৃত ঘোষণা করে।
অভিযোগে বলা হয়, ক্লিনিক থেকে মরদেহ দ্রুত নিয়ে এসে হাউসপুর বটতলায় ফেলে রেখে পালিয়ে যায় নির্যাতনকারাীরা।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার কোনো সুযোগ নেই। যেকোনো অপরাধের বিচার আইনের মাধ্যমেই হবে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।