বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার ছিলেন। তিনি নগরীর কাশীপুর হাইস্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকাল পৌনে চারটার দিকে চিফ জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে হঠাৎ নিচে পড়ে যান নাজমুল। এ সময় আশপাশের লোকজন ছুটে আসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নাজমুল হক কী কারণে আদালত চত্বরে এসেছিলেন এবং কীভাবে ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।