গতকাল উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে তার থ্যাঁতলানো মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদীন উপজেলার মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকায় পাহাড়ি অঞ্চলে জ্বালানির কাঠ সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। রাতে তাকে না পেয়ে গতকাল সকালে আবার খুঁজতে বের হন পরিবারের লোকজন ও স্বজনরা। একপর্যায়ে উপজেলার পাহাড়ি অঞ্চল সোমনাথপাড়া এলাকার জঙ্গলে তার থ্যাঁতলানো মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগোলাপ জামাল বলেন, ‘ভারত থেকে কাঁটাতার পেরিয়ে প্রায়ই বুনোহাতি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। আমরা ধারণা করছি গতকাল সন্ধ্যার পর কোনো এক সময় বুনোহাতির আক্রমণেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’