সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী

আগুন-ককটেল বিস্ফোরণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ তথাকথিত কর্মসূচি দিয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেয়া কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর দু-একটি স্থানে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ তথাকথিত কর্মসূচি দিয়েছে। সে কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে রাতে দু-এক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব ঘটনায় জড়িত প্রত্যেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মোটরসাইকেলসহ আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

হাইকোর্টের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‌যাত্রাবাড়ীর ঘটনায়ও গ্রেফতার করা হয়েছে। এছাড়া চালক ও হেলপারবিহীন অবস্থায় বিভিন্ন জায়গায় রাতে পার্ক করে রাখা পরিত্যক্ত কিছু বাসকে লক্ষ্য করে দু-একটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরের সঙ্গে অস্থিরতার সম্পর্ক আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। এর সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই।’

বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সবশেষ পরিস্থিতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে। অন্তর্বর্তী সরকারের সময় থেকে এ পর্যন্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্য চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে বারবার অনুরোধপত্র পাঠানো হয়েছে।’ ভারত সরকার অনুরোধপত্র আমলে নেবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপি সরকার দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নিয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘‌যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক সমস্যার পাশাপাশি দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। গ্যাসের কারণে যেসব বিদ্যুৎ কেন্দ্র পূর্ণমাত্রায় চালু করা যাচ্ছে না, তার পেছনে আগের সরকারের বিদেশনির্ভরতা দায়ী। ‌গ্যাস আমদানির ক্ষেত্রে একক উৎসের ওপর নির্ভর করা হয়েছে। বাংলাদেশে স্থলভাগ ও সাগরে গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও সেগুলো অনুসন্ধানে আগের সরকার পদক্ষেপ নেয়নি।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, তা নির্ভর করবে সংঘটিত অপরাধের পর সরকার ও পুলিশ বিভাগের নেয়া পদক্ষেপের ওপর। বিচারপ্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপ নেই দাবি করে তিনি বলেন, ‘‌সরকার সহযোগিতা করে। বিচারিক কার্যক্রম বিচার বিভাগ পরিচালনা করে। বিচার বিভাগ স্বাধীন।’

আরও