চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৮ শতাংশে অপরিবর্তিত রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), যা তাদের গত ডিসেম্বরের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অবশ্য সামনের সময়কে আরো ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।
গতকাল প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এর সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ১০ শতাংশে পৌঁছলেও আগামী অর্থবছরে তা কমে ৫ দশমিক ২ শতাংশে নেমে আসবে।
২০২৪-২৫ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস গত ডিসেম্বরে প্রকাশিত ১১ শতাংশের তুলনায় কমানো হয়েছে। আইএমএফের এ পূর্বাভাসের আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)’-এ জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতি চলতি অর্থবছরে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ৫ দশমিক ১ শতাংশে পৌঁছবে।
এডিবি আরো জানিয়েছে, বাংলাদেশের ১২ মাসের গড় মূল্যস্ফীতি ২০২৪-২৫ অর্থবছরে আরো বেড়ে ১০ দশমিক ২ শতাংশে পৌঁছতে পারে, যা পরবর্তী অর্থবছরে কমে ৮ শতাংশে নামবে।
ম্যানিলাভিত্তিক সংস্থাটি বলছে, বাজারে পর্যাপ্ত প্রতিযোগিতার অভাব, নীতিগত দুর্বলতা, তথ্যের ঘাটতি, সরবরাহ চেইনে সীমাবদ্ধতা এবং টাকার অবমূল্যায়নের কারণে পাইকারি বাজারের অদক্ষতা দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে আরো জটিল করে তুলছে।
গত বছরের ডিসেম্বরে সরকার চলতি অর্থবছরের জন্য দেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ৭৫ থেকে কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করে। চলমান আর্থিক সংকট, ব্যবসায় স্থবিরতা এবং সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে এ সংশোধন করা হয়।