ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময়ে এ মন্তব্য করলেন যখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার খবর জানাজানি হয়েছে।

প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতর থেকে দ্বিপক্ষীয় সব সম্পর্ক নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত।

গতকাল নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, ‘এটাই ভারতের মনোভাব। আমরা এ সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা হবে ভবিষ্যৎমুখী।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময়ে এ মন্তব্য করলেন যখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার খবর জানাজানি হয়েছে।

এ নিয়োগ এমন সময়ে হচ্ছে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কথাবার্তা নতুন করে শুরু হয়েছে। এ নিয়োগ কি সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে? জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে আগেও বলেছি যে আমরা বাংলাদেশের সঙ্গে সবসময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক কামনা করে এসেছি। দুই দেশের মধ্যে কাঠামোগত যে ব্যবস্থা চালু রয়েছে, তার মধ্যে থেকেই আমরা যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত।’

ভারতের বিমান বাহিনী গতকাল এক ব্রিফিংয়ে জানিয়েছে, আসন্ন বহুপক্ষীয় যুদ্ধবিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে অংশ নেবে বাংলাদেশ। তারা সি-১৩০ জে যুদ্ধবিমান পাঠাবে। এ সিদ্ধান্তও কি দ্বিপক্ষীয় সুসম্পর্কের ইঙ্গিতবাহী? এ প্রশ্নের উত্তরে জয়সোয়াল দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে ভারতের ওই লক্ষ্য ও অভিপ্রায়ের কথা জানান।

জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। এ প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে কিনা। জবাবে জয়সোয়াল জানান, এ বিষয়ে এখনো তার কাছে কোনো তথ্য নেই।

আরও