আসিফ মাহমুদ

আর ঘরে বসে ঈদ কাটবে না, এদিন সুখ-দুঃখ ভাগ করে নেব

এখন থেকে ঈদ উৎসব আরো আনন্দময় হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সময় স্বল্পতার কারণে এবার আয়োজন কিছুটা সীমিত থাকলেও ভবিষ্যতে বড় পরিসরে ঈদ উদযাপন করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঘরে বসে টিভি দেখে ঈদের দিন কাটানোর সময় শেষ। এবার সবাই একসঙ্গে ঈদ মিছিলে অংশ নেবো, ঈদের মেলা উপভোগ করবো এবং একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেবো।

সোমবার (৩১ মার্চ) রাজধানীতে ঈদ আনন্দ মিছিল শেষে মানিক মিয়া এভিনিউতে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নতুন আঙ্গিকে ঈদ আনন্দ র‍্যালিতে ঢাকার শতবর্ষের ঐতিহ্যকে সংযুক্ত করা হয়েছে। শত বছর পর আমরা আবারো এ আয়োজন করতে পেরেছি। আগামী দিনে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করবে।

এখন থেকে ঈদ উৎসব আরো আনন্দময় হবে উল্লেখ করে তিনি বলেন, সময় স্বল্পতার কারণে এবার আয়োজন কিছুটা সীমিত থাকলেও ভবিষ্যতে বড় পরিসরে ঈদ উদযাপন করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

এর আগে, সকাল সাড়ে ৮টায় পুরানো বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মতো ঈদের প্রধান জামাত আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এর পরে ঈদ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়।

আরও