কাঁচা পাট রফতানিকারকদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণের স্থিতির ওপর ২ শতাংশ ডাউন পেমেন্ট জমাদানপূর্বক পরবর্তী দুই বছরের জন্য ঋণ পুনঃতফসিল করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়, কাঁচা পাট রফতানি খাতের বিরাজমান সমস্যা সমাধানে গৃহীত পূর্ববর্তী পদক্ষেপগুলোর শর্ত পূরণে রফতানিকারকদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছিল, কাঁচা পাট রফতানিকারকদের সার্কুলার জারির ছয় মাসের মধ্যে ঋণ পুনঃতফসিলের আবেদন জমা দিতে হবে।