শ্রমিক কৃষক সমাজবাদী দলের কেন্দ্রীয় নেতা মোসাদেক হোসেন স্বপনের প্রয়াণ

কমরেড মোসাদেক হোসেন ১৯৫০ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। শ্রমিক কৃষক সমাজবাদী দলের আত্মপ্রকাশের এক বছরের মাথায় সমাজবাদী ছাত্রজোট গঠনের সময় ১৯৭০ সালে তিনি সংগঠনটির প্রথম কমিটির আহ্বায়ক ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি

শ্রমিক কৃষক সমাজবাদী দলের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, মুক্তিযোদ্ধা কমরেড মোসাদেক হোসেন স্বপন মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত ২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোসাদেক হোসেন স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক ইসমত ইনামুল হক। এক বিবৃতিতে তিনি বলেন, কমরেড মোসাদেক হোসেন বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতেন। আজীবন মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করেছেন তিনি। তার মৃত্যুতে বাম রাজনীতির অপূরণীয় ক্ষতি হলো।

বিবৃতিতে বলা হয়, কমরেড মোসাদেক হোসেন ১৯৫০ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। শ্রমিক কৃষক সমাজবাদী দলের আত্মপ্রকাশের এক বছরের মাথায় সমাজবাদী ছাত্রজোট গঠনের সময় ১৯৭০ সালে তিনি সংগঠনটির প্রথম কমিটির আহ্বায়ক ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

ঢাকা কলেজ থেকে এইচএসসি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন মোসাদেক হোসেন। ওই সময়ের মেধাবী ছাত্র হয়েও সরকারি চাকরিতে যোগ না দিয়ে তিনি নিজেকে রাজনীতিতে নিবেদন করেন। জীবনের শেষ দিন পর্যন্ত শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন তিনি।

ব্যক্তিজীবনে দুই সন্তানের জনক ছিলেন মোসাদেক হোসেন। তার বড় মেয়ে পেশায় চিকিৎসক এবং ছেলে পড়াশোনা শেষে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত।

আজ সকালে মোহাম্মদপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে দাফন করা হয়।

আরও