সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশী-বিদেশী বিনিয়োগ আনতে কাজ করবে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী সিল্ক শুধু একটি অঞ্চলের নয়, এটি পুরো দেশের ঐতিহ্য। এ শিল্পকে আধুনিক করতে এবং আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

রাজশাহীর সিল্ক শিল্পের ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। আজ শনিবার সকালে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী সিল্ক শুধু একটি অঞ্চলের নয়, এটি পুরো দেশের ঐতিহ্য। এ শিল্পকে আধুনিক করতে এবং আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজশাহী রেশম বোর্ড গঠন করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এ খাতের উন্নয়নে কাজ করেন। বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ শিল্পকে আধুনিক করা এবং গবেষণার মাধ্যমে আরো উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী শরীফুল আলম জানান, দেশে বছরে ৪০০ থেকে ৪৫০ টন রেশমের চাহিদা থাকলেও এর প্রায় ৯০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। স্থানীয় কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া ও পিছিয়ে পড়ার কারণে এ নির্ভরশীলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে বের হতে পলু চাষ, তুঁত গাছের উন্নয়ন এবং রেশম সুতার মান বাড়াতে গবেষণায় জোর দেয়া হচ্ছে।

রেশম শিল্পের সঙ্গে জড়িত দক্ষ কারিগরদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ১১ হাজার ৫০০ কারিগর আছেন, যাদের সংখ্যা বয়সের কারণে কমে যাচ্ছে। নতুন প্রজন্মকে প্রশিক্ষণ না দিলে এ শিল্পের ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, বন্ধ কারখানাগুলো চালু করা ও সিল্ক শিল্পের প্রসার ঘটাতে সরকার নিজস্ব অর্থায়নের পাশাপাশি দেশী-বিদেশী বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছে। চীন ও জাপানের মতো দেশে সিল্ক পণ্যের বাজার তৈরির বিষয়েও ভাবা হচ্ছে। এ খাতের উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগির সমন্বিত পদক্ষেপ নেয়া হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম।

পরিদর্শনের আগে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ একটি উপস্থাপনার মাধ্যমে বোর্ডের কার্যক্রম তুলে ধরেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলীসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও