খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘এবার বোরো ফসলের উৎপাদন বেশ ভালো হয়েছে। এ কারণে বাজারে চালের দাম কমতে শুরু করেছে। চালের দাম একেবারে কমে যাওয়া ঠিক নয়। কারণ কৃষক যদি ন্যায্যমূল্য না পান তবে আগামীতে ফসল উৎপাদনে আগ্রহ হারাবেন। চালের দাম কমতে থাকলে বাজারে গমের দামও কমে আসবে।’
গতকাল সকালে নারায়ণগঞ্জের একরামপুর এলাকায় নির্মীয়মাণ সাইলো গোডাউনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘দেশে বর্তমানে গমের চাহিদা বছরে ৭০ লাখ টন। কিন্তু আমাদের দেশে অভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারের পাশাপাশি আমদানিকারকরাও গম আমদানি করছে।’
তিনি বলেন, ‘আমাদের দেশে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত সবাই এখন এক বেলা রুটি খায়। আগে দেশের বেশির ভাগ মানুষ তিন বেলা ভাত খেত। এ কারণে দেশে গমের চাহিদা বেড়েছে।’
আলী ইমাম মজুমদার বলেন, ‘বন্দরের সাইলো গুদামের নির্মাণকাজ শেষের পথে। আমরা সহসাই পণ্য মজুদ করতে পারব গুদামে। বন্দরে গমের গুদাম আছে। সিএসডি চালের গুদামও আছে। মজুদ করার জন্য ভালো জায়গা। গুদাম থেকে সড়ক ও নদীপথে পণ্য সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। চাইলে রেলপথেও পণ্য সরবরাহ করা যাবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘টিসিবি খাদ্য মন্ত্রণালয়ের অধীন নয়। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। টিসিবি আমাদের কাছ থেকে চাল সংগ্রহ করে। দুর্নীতির কারণে টিসিবির অনেক কার্ড বাতিল করা হয়েছে। নতুন করে স্মাটকার্ড দেয়া হয়েছে। মজুদ যদি বাড়ে টিসিবি কার্ডও বাড়ানো হবে। এবার বোরো ফলন ভালো হয়েছে। অন্য ফসল যদি ভালো হয় খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস, টিসিবি ও সামাজিক নিরাপত্তা খাত আরো বাড়ানো যাবে।’
মোটা চাল সরু করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। আধুনিক চালকলগুলোর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।’