এ আসরে খেলার প্রস্তুতি নিতে গতকাল থাইল্যান্ডের ব্যাংকক গেছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে ১৫ দিনের প্রস্তুতি শেষে নারী ফুটবল দল চলে যাবে ভারতে। সাফে সর্বশেষ দুই আসরে টানা শিরোপা জয় করে বাংলাদেশ। এবার ‘বি’ গ্রুপে লাল-সবুজরা খেলবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও দ্বীপরাষ্ট্র মালদ্বীপের বিপক্ষে। এছাড়া ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলংকা, ভুটান ও নেপাল। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।
ব্যাংককে ১৫ দিনের ক্যাম্পে পিটার বাটলারের দল স্থানীয় দলের বিপক্ষে ১০ ও ১৭ মে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে।
গতকাল দলের সবার সঙ্গে যেতে পারেননি গোলকিপার রুপনা চাকমা ও মিলি আক্তারসহ নয়জন। ভিসা পেলে আজ তারা ব্যাংকক রওনা হতে পারেন বলে জানিয়েছেন জাতীয় নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমি।
২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। দলের হেড কোচ পিটার বাটলার বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা এমন পরিস্থিতি চাই না, যেখানে এমন দলের বিপক্ষে খেলব, যারা আমাদের পরীক্ষা নেবে না। আমি মালদ্বীপের বিপক্ষে ও থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচে যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দেয়ার চেষ্টা করব। আমরা ৪৫ মিনিট করে দুটি আলাদা দল নিয়ে খেলব এবং তারপর মালদ্বীপ ম্যাচের জন্য একটি শুরুর একাদশ চূড়ান্ত করব।’
ভারতে আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় বাংলাদেশ। এ কৌশল নিয়ে পিটার বাটলার বলেছেন, ‘আমি আমার দলকে রক্ষণাত্মক হয়ে বসে থাকতে শেখাই না। আমরা এমন একটি দল, যারা আক্রমণ করে, আমাদের আক্রমণাত্মক খেলোয়াড় আছে। আমি সত্যিই চাই, মেয়েরা মাঠে গিয়ে সৃষ্টিশীলতার সঙ্গে তাদের দক্ষতা মেলে ধরুক।’
সাফের সাত আসরে ভারত পাঁচবার ও বাংলাদেশ দুবার শিরোপা জিতেছে। ২০২২ ও ২০২৪ সালে টানা দুটি ফাইনালে নেপালকে হারিয়ে সাফ শিরোপা জয় করে বাংলাদেশ। লাল-সবুজদের সাফজয়ী দলে এসেছে বড় পরিবর্তন। কোচের বিরুদ্ধে বিদ্রোহের জেরে দলে জায়গা হারিয়েছেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভিন, সানজিদা আক্তারসহ আরো কয়েকজন।