ঝিনাইদহ-৪ আসনে বিএনপি-জামায়াতের এজেন্টদের স্বাক্ষরসহ জব্দ করা রেজাল্ট শিট বাতিল

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে এসব রেজাল্ট শিট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।

তিনি জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে ২৩টি স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এ রেজাল্ট শিট নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তিনি আরো বলেন, নতুন রেজাল্ট শিট তৈরির জন্য বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসার পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে।

সহকারী রিটার্নিং অফিসার কালীগঞ্জের ইউএনও রিজওয়ানা নাহিদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিদর্শনের সময় জানতে পারেন স্বাক্ষর করা রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। তবে কোন প্রার্থীর রেজাল্ট শিট ছিল সেটা দেখেননি তিনি। এসব রেজাল্ট শিট বাতিল করে আবার নতুন করে তৈরি ও দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে অপসারণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা বলেন, বুঝতে না পেরে ধানের শীষের এজেন্ট জিল্লুর রহমান ও দাঁড়িপাল্লার ওমর ফারুকের স্বাক্ষর নেয়া হয়েছিল। পরে ভুল বুঝতে পেরে সহকারী রিটার্নিং অফিসারের উপস্থিতিতে তা বাতিল বলে ঘোষণা করা হয়।

আরও