বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আর প্রতি লিটার পাম অয়েলের দাম বাড়ানো হয়েছে ১৩ টাকা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, এতদিন যা ১৮৯ টাকায় বিক্রি হয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।
ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে গত আগস্টে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র ১ টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী তখন দাম জানাননি তারা। জানা গেছে, নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে ব্যবসায়ীরা দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সচিবালয়ে গতকাল ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে পুনরায় বৈঠক হয়। সেখানে সয়াবিন তেল ও পাম অয়েলের নতুন দাম নির্ধারণ হয়। তবে এ মূল্যবৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয় এখনো অনুমোদন দেয়নি। তার আগেই নতুন দাম ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক (করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) বিশ্বজিৎ সাহা বণিক বার্তাকে বলেন, ‘ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে অনেক আগেই চিঠি দেয়া হয়েছিল। এ বিষয়ে কয়েক দফা বৈঠকও করা হয়েছে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজার, শুল্কসহ পরিশোধন খরচ যুক্ত করে সরকার আমদানিকারকদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করেছে। নিয়মিত দাম সমন্বয় করা হলে ভোজ্যতেলের বাজার নিয়ে সংকট ও অস্থিরতা থাকবে না।’
নতুন দাম অনুসারে, বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা, আগে যা ছিল ৯২০ টাকা। সে হিসাবে সয়াবিনের পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ২৫ টাকা। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৭ টাকায়, গতকাল পর্যন্ত যা বিক্রি হয়েছে ১৬৯ টাকায়। অর্থাৎ খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা বেড়েছে। খোলা পাম অয়েলের দাম প্রতি লিটার ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি আগে ছিল ১৫০ টাকা।
এর আগে গত এপ্রিলে সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১৮৯ টাকা। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম ১২ টাকা বাড়িয়ে ১৬৯ এবং বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭০ টাকা বাড়িয়ে ৯২০ টাকা করা হয়। বিশ্ববাজারে দাম পড়ায় আগস্টের মাঝামাঝি সময়ে এসে খোলা পাম অয়েল লিটারে ১৯ টাকা কমিয়ে করা হয়েছিল ১৫০ টাকা।