আখাউড়াসহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় এবারের শীতকালীন সবজির আবাদ ভালো হয়েছে। দেশীয় পদ্ধতিতে উঁচূ জমি কিংবা বাড়ির আঙ্গিনায় নানা জাতের সবজি চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক। বিশেষ করে লাউ, টমেটো, সীম ও ফুলকপিসহ নানা ধরনের সবজি চাষে সফলতা পেয়েছেন তারা।
স্থানীয় কৃষকরা জানান, খরচের তুলনায় কম সময়ে এবার অধিক ফলন পাচ্ছেন তারা। এছাড়া ভালো দামেও বিক্রি করতে পারছেন। আখাউড়ার তারাগণ এলাকার ছিদ্দিক মিয়া জানান, ৪৫ শতক জায়গা এক বছরের জন্য ইজারা নিয়ে সবজি চাষ শুরু করেন তিনি। তার জমিতে লাউ, করলা, শসাসহ বিভিন্ন সবজির ফলন অন্য বছরের তুলনায় ভালো হয়েছে।
একই এলাকার কৃষক রোকন খান জানান, গত এক সপ্তাহ ধরে সবজি বিক্রি করছেন তিনি। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী তিন মাস পর্যন্ত বিক্রি করতে পারবেন।
বিজয়নগরের চম্পকনগর গ্রামের মহসিন মিয়াসহ বেশ কয়জন সবজি চাষী জানিয়েছেন, অন্যান্য ফসলের তুলনায় সবজি চাষ বেশি লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এ চাহিদা। সঠিক উপায়ে বাগান তৈরি করতে পারলে ১২ মাসই নানা প্রকার সবজি চাষ করা সম্ভব।
এ ব্যাপারে বিজয়নগর কৃষি উপপরিচালক মো. হাদিউল ইসলাম ভূইয়া বণিক বার্তাকে বলেন, প্রান্তিক ও ক্ষুদ্র পরিসরে নানাবিধ পারিবারিক ও কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় সবজি চাষে উদ্বুদ্ধ করে থাকি আমরা। বিভিন্ন পর্যায়ে প্রণোদনার মাধ্যমে শীত বা গ্রীষ্মকালীন সবজি চাষে আহ্বান জানানোও হয়। এতে উৎসাহিত কৃষকরা ফলনে লাভবান হচ্ছেন।