মানসিক উৎকর্ষ সাধনের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে শিশু একাডেমিকে গড়ে তুলতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

পরিদর্শনকালে মন্ত্রী শিশু একাডেমির মূল মিলনায়তন, লাইব্রেরি, ব্রেইল কর্নার, স্টোর রুম এবং একাডেমির সীমানা প্রাচীরসহ সংলগ্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উদ্‌যাপিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রস্তুতির অংশ হিসেবে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ বাংলাদেশ শিশু একাডেমি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, শিশু একাডেমিকে দেশের প্রতিটি শিশুর অন্তর্নিহিত প্রতিভা বিকাশ, মুক্তচিন্তা ও মানসিক উৎকর্ষ সাধনের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে। তিনি সুবর্ণজয়ন্তীর এ ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের সুরক্ষায় নতুন উদ্দীপনা সৃষ্টির সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান। একইসঙ্গে কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশব্যাপী জেলা পর্যায়েও শিশুদের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর কর্মসূচি আয়োজনের তাগিদ দেন।

এছাড়া কার্যক্রমের অগ্রগতি নিশ্চিতকরণ এবং জাতীয় পর্যায়ের এ আয়োজনকে সুশৃঙ্খল ও উৎসবমুখর করার লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে মন্ত্রী শিশু একাডেমির মূল মিলনায়তন, লাইব্রেরি, ব্রেইল কর্নার, স্টোর রুম এবং একাডেমির সীমানা প্রাচীরসহ সংলগ্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।

একাডেমির অবকাঠামো ও আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী শিশু একাডেমিতে স্থাপিত দীর্ঘদিন অব্যবহৃত থাকা বৈদ্যুতিক সাবস্টেশনটি অনতিবিলম্বে সচল করার জন্য গণপূর্ত অধিদপ্তর ও ডিপিডিসিকে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। এছাড়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ প্রসারে ব্রেইল কর্নারে ব্রেইল বইয়ের সংগ্রহ বৃদ্ধি এবং সহায়ক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এটিকে আরো শিশুবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও