টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়া এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে ডিমের দরও; ফার্মের ডিমের দাম ডজনপ্রতি ১৬০ টাকা ছাড়িয়েছে। বাজারে বেড়েছে কয়েক ধরনের মাছের দামও।
গতকাল রাজধানীর কারওয়ান বাজার ও ভাটারা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬০-১৮০ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে শিমের দাম কেজিতে সর্বোচ্চ ৩০ টাকা বেড়েছে। টমেটোর দাম ৮০-১০০ থেকে বেড়ে হয়েছে ১০০-১২০ টাকা। দেশী শসা ৫০-৬০ থেকে বেড়ে ৮০ ও করলা ৬০ থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দামও ৮০-১০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০০-১২০ টাকায়। এছাড়া প্রতি পিস লাউ ৭০-৮০ টাকা, কচুরলতি কেজি ৮০ ও গাজর ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে পটোলের দাম কেজিতে ৫০ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। ধুন্দলের দাম ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০-৮০ টাকায়। বরবটি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি এবং ঝিঙার দাম ৬০ থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা। বেড়েছে কাঁচামরিচের দামও। গত সপ্তাহে কেজিপ্রতি ৮০-১০০ টাকায় বিক্রি হলেও গতকাল কারওয়ান বাজারে তা ১০০-১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এ কারণে পণ্য সরবরাহ কমেছে। আবার জ্বালানি তেলের দাম বাড়ায় দূরের জেলাগুলো থেকে ঢাকায় পণ্য আনার ট্রাক ভাড়া কয়েক হাজার টাকা বেড়েছে। ফলে পাইকারি বাজারেও সবজির দাম বেড়েছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। শীতকালীন সবজি বাজারে না আসা পর্যন্ত অধিকাংশ সবজির দাম কেজিতে ৬০-৮০ টাকার নিচে নামার সম্ভাবনা কম।’
তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে। গতকাল কারওয়ান বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগি ৩৫০-৩৬০ টাকা, দেশি মুরগি ৬০০-৭০০ ও গরুর মাংস ৭৮০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়।
মাছের বাজারে আকারভেদে প্রতি কেজি রুই ৩৫০-৪৫০ টাকা, কাতল ৩৪০-৪৫০, পাঙাশ ২০০-২৭০, তেলাপিয়া ২২০-৩০০, চাষের পাবদা ৩৫০-৪২০ ও চাষের কই ২৫০-৩২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের প্রতিবেদনেও বেশ কয়েকটি পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। টিসিবির হিসাবে গত বৃহস্পতিবারের তুলনায় গতকাল খোলা আটার দাম কেজিতে ২ টাকা, প্যাকেটজাত আটার দাম সর্বোচ্চ ৫ টাকা এবং খোলা ও প্যাকেটজাত ময়দার দাম ৫ টাকা করে বেড়েছে। এছাড়া দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১২ টাকা, এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ৫, খোলা পাম অয়েল কেজিতে ৪, আমদানি করা রসুন ২০, কাঁচামরিচ সর্বোচ্চ ৬০ ও বেগুন ১০ টাকা কেজিতে বেড়েছে। একই সময়ে ফার্মের ডিমের দাম হালিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা বেড়েছে।