চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের ভোট চলাকালে কেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করেছে র্যাব। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বিস্ফোরকটি উদ্ধার করা হয়। পরে র্যাবের বোম ডিসিপোজাল ইউনিট ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরের এক কোনায় একটি পরিত্যক্ত ককটেল পাওয়া গেছে। র্যাবের বোম ডিসিপোজাল ইউনিট ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়। তারা এটি নিষ্ক্রিয় করবে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আজ সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।