ডুবোটেক ডিজিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাফিউস সামি আলমগীর। দেশের শীর্ষস্থানীয় নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ব্যবস্থা, উন্নত রোবোটিকস ও প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশে কাজ করা প্রতিষ্ঠানটি তার নেতৃত্বে প্রবৃদ্ধির নতুন পর্যায়ে প্রবেশ করছে।
সাফিউস সামি আলমগীর টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্যাকেজিং উৎপাদনকারী প্রতিষ্ঠান টাম্পাকো গ্রুপের নেতৃত্ব দেয়ার পাশাপাশি উৎপাদনশিল্প, শিল্পোন্নয়ন, বিনিয়োগ ও বেসরকারি খাতের নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
ডুবোটেকের প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবসায়িক পরিধি সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সময়ে তার এ দায়িত্ব গ্রহণ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।
ডুবোটেক একটি দেশীয় প্রতিরক্ষা স্বয়ংক্রিয়তা প্রযুক্তি প্রতিষ্ঠান, যা সামরিক রোবোটিকস ব্যবস্থার জন্য ফরটিস নামের একটি এআই-নির্ভর অপারেটিং সিস্টেম তৈরি করেছে। স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থল, আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচে বিভিন্ন প্রতিরক্ষা ও নিরাপত্তা মিশনে ব্যবহারের প্রযুক্তি উন্নয়ন ও বাস্তবায়ন করছে। ডুবোটেকের প্রযুক্তি পোর্টফোলিওতে রয়েছে স্বয়ংক্রিয় পানির নিচের যান, চালকবিহীন সামুদ্রিক যান, চালকবিহীন স্থলযান, অধিক পেলোড বহনে সক্ষম ড্রোন, বুদ্ধিমান নজরদারি ব্যবস্থা এবং এআই-নির্ভর নিরাপত্তা প্ল্যাটফর্ম।
উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনে অবদানের স্বীকৃতিস্বরূপ ডুবোটেক ২০২৫ সালে স্টার্টআপ অফ দ্য ইয়ারের পুরষ্কারের নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি শার্ক ট্যাংক বাংলাদেশের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ করার পাশাপাশি সরকারি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থেকেও বিনিয়োগ পেয়েছে।
ডুবোটেকের প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা জাতীয় পর্যায়েও মনোযোগ আকর্ষণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় তিনি ডুবোটেকের টিমের সঙ্গে কথা বলেন এবং তাদের তৈরি পণ্য ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিরক্ষা খাতেও ডুবোটেক ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে এবং তাদের প্রযুক্তির জন্য ক্রয়াদেশ পেয়েছে। এসব চুক্তির আওতায় ডুবোটেক ইতোমধ্যে একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা নকশা, সরবরাহ ও কার্যকরভাবে পরিচালনার পর্যায়ে নিয়ে গেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম সারির এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তব ক্ষেত্রে মোতায়েন ও পরিচালনায় সক্ষম একমাত্র প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।
বিস্তৃত প্রযুক্তি পোর্টফোলিও, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং প্রতিরক্ষা খাতে কার্যক্রমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডুবোটেক বাংলাদেশের বৈশ্বিক ডিপ-টেক খাতে অবস্থান শক্তিশালী করতে চায়। একই সঙ্গে দেশীয়ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও স্বয়ংক্রিয় প্রযুক্তির উন্নয়ন এবং সেগুলোর বাণিজ্যিক ও কৌশলগত ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নিজেদের কার্যক্রম বিস্তারের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।