বরিশাল নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (০২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠী আন্তঃমহাসড়কে এ ঘটনা ঘটে। কোতয়ালী মডেল থানার ওসি মামুন উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নগরীর রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার রাসেল (২৫)। তারা দুজনেই এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন।
কোতোয়ালি পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান। গুরুতর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেডিকেলে পৌছানোর আগেই জুয়েলেরও মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
দুর্ঘটনার পরপরই পরিস্থিতি বেগতিক দেখে ট্রাকটি রাস্তার ওপর রেখেই পালিয়ে গেছেন চালক ও হেলপার। পুলিশ তাদের দুজনকে গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক ও হেলপারকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।