চলতি বছর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছে সরকার। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না থাকায় জেএসসি ও জেডিসি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে পরীক্ষা বাতিলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে ২০২৩ সাল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি-জেডিসি পরীক্ষা আর অনুষ্ঠিত হচ্ছে না।
আজ সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব আক্তার উননেছা শিউলীর সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি বিধায় ২০২২ ও ২০২৩ এবং পরবর্তীসময়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাদ দেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী এ প্রস্তাবের সম্মতি দিয়ে পরীক্ষা বাতিল করার বিষয়ে অনুমোদন দিয়েছেন।
এ বিষয়ে পরবর্তীসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে।