ময়মনসিংহে বিল ও নদীতে জমজমাট পলো বাউয়া উৎসব

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নদী-খাল ও জলাশয়ে পানি বাড়ার পর যখন ধীরে ধীরে পানি কমতে থাকে তখন থেকে স্থানীয়রা পলো দিয়ে মাছ ধরার আয়োজন করে। এটি এ অঞ্চলের পুরনো ঐতিহ্য।

বিল ও নদীতে পানি কমতে শুরু করলেই ময়মনসিংহে শুরু হয় ঐতিহ্যবাহী পলো বাউয়া উৎসব। এ সময়ে প্রায় প্রতিদিনই জেলার কোনো না কোনো জলাশয়ে পলো, জালসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে জড়ো হন স্থানীয়রা। শিশু-কিশোর থেকে প্রবীণদের অংশগ্রহণে এ আয়োজন রূপ নেয় উৎসবে।

সম্প্রতি ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরি নদীতে অনুষ্ঠিত হয়েছে পলো বাউয়া উৎসব। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ পলো, জালসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীর তীরে জড়ো হন। পরে একসঙ্গে শত শত মানুষ নদীতে মাছ ধরতে নামেন। পলো হাতে মাছ ধরার দৃশ্য দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন উৎসুক মানুষ।

স্থানীয় মুখলেসুর রহমান বলেন, পলো বাউয়া শুধু মাছ ধরার উৎসব নয়, এটি আমাদের শেকড় ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা একটি আনন্দের আয়োজন। দীর্ঘদিন পর সবাই মিলে এমন উৎসবে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ঐতিহ্য ধরে রাখতে চাই।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নদী-খাল ও জলাশয়ে পানি বাড়ার পর যখন ধীরে ধীরে পানি কমতে থাকে তখন থেকে স্থানীয়রা পলো দিয়ে মাছ ধরার আয়োজন করে। এটি এ অঞ্চলের পুরনো ঐতিহ্য।

ঈশ্বরগঞ্জের উচাখিলা গ্রামের নুরুল আমিন জানান, আমরা ব্যাপক-উৎসাহ উদ্দিপনায় পলো উৎসবে অংশ নিই। অধিকাংশ মানুষ একক ভাবে পলো উৎসবে অংশ নেন। আবার ১৫ থেকে ২০ জন মিলে একসঙ্গে পলো উৎসবে অংশ নেন।

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, হাওর, বাওর, মহিষের শিং—এ নিয়ে ময়মনসিংহ। ময়মনসিংহে রয়েছে অসংখ্য নদী, খাল ও বিল। এসব খাল-বিলে সারা বছরই চলে মাছ ধরার উৎসব। খাল-বিল ও নদীতে পানি কমলেই চলে মাছ ধরার উৎসব। এটি আমাদের ঐতিহ্য।

আরও