৪৫তম বিসিএসে চূড়ান্তভাবে গেজেট থেকে বাদ পড়া ৫৬ জন প্রার্থীর সম্পূরক গেজেট প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছে গেজেটবঞ্চিত প্রার্থীরা। এ সময় তারা আগামী ১ নভেম্বর থেকে সুপারিশপ্রাপ্ত অন্য প্রার্থীদের সঙ্গে কর্মস্থলে যোগদানের সুযোগ দেয়ার দাবি জানান।
আজ মঙ্গলবার রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানান প্রার্থীরা।
প্রার্থীদের দেয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে শুরু হওয়া ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়ায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন ধাপ পেরিয়ে ১ হাজার ৮০৭ জনকে ২০২৫ সালের ২৭ নভেম্বর নিয়োগের জন্য সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রায় ১১ মাস পর ২০২৬ সালের ১৪ অক্টোবর প্রকাশিত গেজেটে তাদের মধ্যে ১ হাজার ৭০২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। ফলে ১০৫ জন গেজেট থেকে বাদ পড়েন। তাদের মধ্যে ৪৮ জন স্বেচ্ছায় মেডিকেল পরীক্ষায় অংশ নেননি বলে দাবি প্রার্থীদের। বাকি ৫৬ জন সব প্রক্রিয়ায় অংশ নিয়েও গেজেটভুক্ত হননি।
গেজেটবঞ্চিত প্রার্থীরা বলছেন, কী কারণে তাদের চূড়ান্ত গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি, সে বিষয়ে তারা স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি। তাদের দাবি, যাদের নামে ফৌজদারি মামলা নেই, তাদের দ্রুত সম্পূরক গেজেট প্রকাশের মাধ্যমে নিয়োগের সুযোগ দিতে হবে।
প্রার্থীদের একজন মো. ফজলে ইফফাত অনিক বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারের পরও ৪৫তম বিসিএসের গেজেট থেকে প্রার্থীদের বাদ পড়ার ঘটনা তাদের হতাশ করেছে। ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি ৪৫তম বিসিএসের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেয়ার দাবি জানান।
গেজেটবঞ্চিত প্রার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, যাদের নামে ফৌজদারি মামলা নেই, তাদের দ্রুত সম্পূরক গেজেট প্রকাশ; নাগরিক হিসেবে বৈষম্যের শিকার না হওয়ার নিশ্চয়তা; স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন; আগামী ১ নভেম্বর অন্য সুপারিশপ্রাপ্তদের সঙ্গে যোগদানের সুযোগ এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত আশ্বাস দেয়া।