আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে। পাঁচ দিনের আপিল আবেদন গ্রহণ শেষে এবারে আপিল শুনানি শুরু করল নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার (১০ জানুয়ারি) থেকেই নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি পরিচালনা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এসব আপিল আবেদন শুনে নিষ্পত্তি করবেন। এসময় ইসি সচিব আখতার আহমেদ ও আইন শাখার কর্মকর্তারা উপস্থিত আছেন।
ইসির আইন শাখার কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, আপিল শুনানি নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে, প্রথম দিন অন্তত ৭০টি আপিল আবেদনের শুনানির কথা রয়েছে। ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন ১ হাজার ৮৪২ জন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়েছে সোমবার থেকে। প্রথম দিন ৪২টি, দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি, তৃতীয় দিন বুধবার ১৩১টি, বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪টি এবং শেষদিনে অন্তত ১৭১ টি আপিল জমা পড়েছে। এ নিয়ে পাঁচ দিনে মোট ৬৪৫টি আপিল আবেদন হয়েছে। এরমধ্যে প্রার্থিতা ফিরে পেতে আবেদনই বেশি, ডজন খানেক আবেদন রয়েছে বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে।
তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করবে এসব আবেদন। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই এবার ভোটে কতজন লড়াইয়ে থাকছে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।