বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার মধ্যে তিন দিন বন্ধ থাকার পর সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। আজ সকাল ৮টা থেকে ফের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজ সকালে বাসস-কে ওয়েবসাইট সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে নিরাপত্তা দুর্বলতা নিয়ে সম্প্রতি বিশ্বজুড়ে উদ্বেগ দেখা যায়। এতে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় গত ২২ অক্টোবর ওয়েবসাইটটি বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
এর পর থেকে ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যাচ্ছিল, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং শিগগির তা আবার সচল করা হবে।
তখন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বণিক বার্তাকে বলেছিলেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে হ্যাকাররা ধারাবাহিকভাবে সাইবার হামলা চালাচ্ছে। তাই সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষা পেতে এবং আগাম সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, প্রয়োজনীয় সাইবার নিরাপত্তা জোরদার ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরপরই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি পুনরায় সচল করা হবে।
পরবর্তী দিনগুলোয় ওয়েবসাইটটি বন্ধ ছিল। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইটি) দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে।