ময়মনসিংহ ও লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া লালমনিরহাটের আদিতমারীতে দুই অটোরিকশার সংঘর্ষে আরো একজনের প্রাণহানি হয়েছে। গতকাল এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল জননী পরিবহনের একটি বাস। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনিতে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই সোহেল মিয়া (২৮) ও হারুনুর রশিদ (৪০) নিহত হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ডুকে যায়। নিহত সোহেল মিয়া উপজেলার নলচাপড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ও হারুনুর রশিদ টেঙ্গুলিয়াকান্দা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। তারাকান্দা থানার এসআই সজীব কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া লালমনিরহাটের আদিতমারীতে দুই অটোরিকশার সংঘর্ষে আব্দুল আজিজ (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাটগ্রাম উপজেলার সরকারের হাটের মুসলিমপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাকিনা থেকে আদিতমারী আসছিল যাত্রীবাহী একটি অটোরিকশা। অন্যদিকে লালমনিরহাট থেকে কাকিনা যাচ্ছিল আরেকটি অটোরিকশা। সোনালী ব্যাংক এলাকায় এলে দুটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। অন্য চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও