ঢাবির আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জহুরুল হক হল

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সাঁতারে চ্যাম্পিয়ন এবং ওয়াটারপোলোতে রানারআপ হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল (ছাত্র-ছাত্রী) সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২১-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে বিজয়ী হলগুলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সাঁতারে চ্যাম্পিয়ন এবং ওয়াটারপোলোতে রানারআপ হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আব্দুর রহিম। শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বণিক বার্তাকে তিনি বলেন, আমি এই হলে নতুন দায়িত্ব পেয়েছি। দায়িত্বে এসেই হলের শিক্ষা, সংস্কৃতি ও ক্রিড়া ক্ষেত্রের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করছি। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় হলের সকল সমস্যা সমাধান করে হলের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

এদিকে সাঁতার প্রতিযোগিতায় যুগ্মভাবে রানারআপ হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও কবি জসীম উদ্দীন হল। একই প্রতিযোগিতায় ছাত্রী হল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে যথাক্রমে কবি সুফিয়া কামাল হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন বিজয় একাত্তর হলের এবাদুল ইসলাম এবং ছাত্রীদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছেন কবি সুফিয়া কামাল হলের তামান্না জাহান। আন্তঃহল ওয়াটারপোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। 

গতকাল রোববার সন্ধ্যায় প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজের সভাপতিত্বে  অনুষ্ঠানে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও