তিন শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত কয়েকশ শিক্ষার্থী ওই বিক্ষোভে অংশ নেন।
শিক্ষার্থীদের অবরোধের ফলে চৌমুহনী চৌরাস্তার সঙ্গে যুক্ত চৌমুহনী-চট্টগ্রাম মহাসড়ক, চৌমুহনী-ঢাকা মহাসড়ক, চৌমুহনী-মাইজদী মহাসড়ক ও চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা সড়কের শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বরে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে যাত্রীবাহী বাসটি চৌমুহনী পৌঁছালে পেছনের সিটে বসা একদল দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তিন শিক্ষার্থীর ওপর চড়াও হয় এবং হামলা করে। শিক্ষার্থীরা এ সময় হামলার কারণ জানতে চাইলে হামলাকারীরা উল্টো তাদের বিভিন্ন হুমকি দিতে থাকে।
হামলার শিকার শিক্ষার্থীরা হলেন অনিমেষ দেবনাথ, সৌমেন বড়ুয়া ও কাজী সাওদাজ জামান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসে চৌমুহনী অতিক্রমের সময় কোনো কারণ ছাড়াই দুর্বৃত্তরা হামলা চালায়। ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী অনিমেষ দেবনাথ বাদী হয়ে রাতে বেগমগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ‘গতকাল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক শিক্ষার্থী বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। আশা করছি, শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’