টিবি হাসপাতালকে রূপান্তর করা হচ্ছে যক্ষ্মা ইনস্টিটিউটে —ববি হাজ্জাজ

যক্ষ্মা নিয়ন্ত্রণে এটি আধুনিক ও সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল’-এ রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ।

গতকাল টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘ইনস্টিটিউটে রূপান্তরিত হলে যক্ষ্মা রোগের উন্নত চিকিৎসার পাশাপাশি রোগ নির্ণয়, বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ বহুলাংশে সম্প্রসারিত হবে। যক্ষ্মা নিয়ন্ত্রণে এটি আধুনিক ও সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে। এছাড়া হাসপাতালের সক্ষমতা বাড়াতে ৫০০ শয্যাবিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে।’

সভা শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে আসা প্রতিটি রোগীর প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন সামান্যতম ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপপরিচালক ডা. আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও