মহেশপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা, রুখে দিল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে বিএসএফ। কিন্তু বিজিবির দৃঢ় অবস্থানে তা ব্যর্থ হয়েছে।

গতকাল দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির) অধীন কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বেলা ১টার দিকে সীমান্ত পিলার ৬১/১২ আর সংলগ্ন গেট ব্যবহার করে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প চার ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায়। এদের মধ্যে দুজন পুরুষ, এক নারী ও এক শিশু রয়েছে। তবে বিএসএফের এ তৎপরতা সীমান্ত অতিক্রম করার আগেই বিজিবির কুসুমপুর বিজিবির নিয়মিত টহল দলের নজরে আসে। বিজিবি সদস্যদের তীব্র বাধা ও শক্ত অবস্থানের মুখে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠাতে ব্যর্থ হয়। তবে পুশ-ইনের চার ব্যক্তি বর্তমানে শূন্যরেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে ঘটনার বিষয়ে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে।’

আরও