কুড়িগ্রামের সীমান্ত দিয়ে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, যেভাবে তারা (পুশইনের শিকার ব্যক্তিরা) সীমান্ত অতিক্রম করেছিল, সেভাবেই তাদের ফেরত পাঠানো হয়েছে।
বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে মঙ্গলবার মধ্যরাতে তিনজন নারীসহ মোট ৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে ভোরের দিকে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে ওই ইউনিয়নের সাহেবেরখাষ এলাকায় বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় গোলের হাট ও কচাকাটা বাজার এলাকায় বিজিবির হাতে ধরা পড়ে।
আটকদের মধ্যে ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার বাসিন্দা শাহার আলী জানান, তাদের ডিটেনশন ক্যাম্প থেকে এনে রাতের আঁধারে কাঁটাতারের বেড়া পার করে দেয় বিএসএফ। ওই দলে নারীসহ মোট ৯ জন ছিলেন।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, পুশইন করা ব্যক্তিরা সীমান্ত এলাকাতেই ছিলেন। তারা যে পথ দিয়ে এসেছিলেন, সেই একই পথ দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করা হবে।