রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৮ শিক্ষার্থী। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে শিক্ষার্থীদের এ সুযোগ দেয়া হয়েছে। ইন্টার্নশিপের মাধ্যমে তারা নগর উন্নয়ন ও সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উপলক্ষে পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েট শিক্ষার্থীদের সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ দেয়া হয়েছে। এর মাধ্যমে তারা সিটি করপোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভবিষ্যতে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।
তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন শুধু নগরবাসীকে সেবা দেয়ার প্রতিষ্ঠান নয়। তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বাড়াতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুয়েট ও রাজশাহী সিটি করপোরেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানো হবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা হবে।
রাসিক প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রী যে ৩১ দফার রূপরেখা দিয়েছিলেন, এর মধ্যে অনেকগুলো এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, কৃষকদের ঋণ মওকুফ এবং ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতা দেয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
রাজশাহীকে আরো আধুনিক, সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। বিশ্বে রাজশাহীর পরিচিতি আরো বাড়ানোর পাশাপাশি সবার সহযোগিতায় শহরটিকে আরো সবুজ, ফুলের নগরী, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান রাসিক প্রশাসক।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, দিনটি রুয়েট ও রাজশাহী সিটি করপোরেশন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয়ার উদ্যোগটি রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই সম্ভব হয়েছে। এর আগে দায়িত্বে থাকা অনেকের সময় শিক্ষার্থীরা এ ধরনের সুযোগ পাননি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয়ায় তিনি রাসিক প্রশাসককে ধন্যবাদ জানান।
ইন্টার্নশিপে অংশ নেয়া শিক্ষার্থী আরাফ মাসুদ বলেন, সিটি করপোরেশনে ইন্টার্নশিপের মাধ্যমে তারা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, তাদের আগে রুয়েটের শিক্ষার্থীরা রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাননি। এবার তারাই প্রথম এ সুযোগ পেয়েছেন। বিষয়টি তাদের জন্য আনন্দের। এ সুযোগ দেয়ায় তিনি রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের প্রতি কৃতজ্ঞতা জানান।
রুয়েটের ১৮ শিক্ষার্থী এ ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন। ইন্টার্নশিপের মাধ্যমে তারা সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম, নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও নালা ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব নগর উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে কাজে লাগানোর সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এতে ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশের আগে তাদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে।