রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদন কেন্দ্রে গত বুধবার থেকে দুদিন আটকে ছিলেন কয়েকশ পর্যটক। আজ সকাল নাগাদ তাদের সবাই এলাকাটি ছেড়েছেন। একই সময়ে ঝুঁকি বিবেচনায় সাজেক ভ্রমণ সাময়িক বন্ধ রেখেছে প্রশাসন।
আজ সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে করে পর্যটকরা সাজেক ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।
সংগঠনটির সভাপতি সুর্পণ দেববর্মণ বলেন, তলিয়ে যাওয়া সড়ক থেকে পানি নেমে যাওয়ায় আটকে পড়া সব পর্যটকরা আজকে সকালে সাজেক থেকে নেমে গেছেন। ৬০০ পর্যটকের মধ্যে গতকাল ১৫০ জন সাজেক ত্যাগ করেন। আজ বাকিরাও চলে গেছেন। সাজেকে আর কোনো পর্যটক নেই।
এর আগে ঝুঁকি বিবেচনায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে সোমবার ও মঙ্গলবার সকালে যে সব পর্যটক সাজেক ভ্রমণে যান তারা আটকে পড়েন। ওই সময় টানা বর্ষণে সাজেক সড়কের দুটি অংশে তলিয়ে যায়।
গতকাল সুর্পণ দেববর্মণ বলেন, ‘বাঘাইহাট-মাচালং সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আসা ছয় শতাধিক পর্যটক আটকা পড়েছে। তারা সবাই সাজেক ভ্যালিতে অবস্থান করছে। বৃষ্টিপাত না কমলে ও সড়কে পানি থাকলে তারা যেতে পারবে না। আটকে পড়া পর্যটকদের কাছ থেকে রুম ভাড়া নেয়া হবে না। পর্যটকরা শুধু পানির খরচ দিয়ে থাকতে পারবে।’