পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ২১ এপ্রিল

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট হবে। এতে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন। এছাড়া জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করেছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ১২ মে।

এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এতে বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই করবেন ২২-২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তির জন্য নির্ধারণ করা হয়েছে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল ও ভোটগ্রহণ ১২ মে।

গত সোমবার কমিশনের ১১তম সভা শেষে আখতার আহমেদ জানিয়েছিলেন, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট হবে। এতে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন। এছাড়া জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে।

সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত হয়। এবারো একই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন কমিশনের তফসিল থেকে জানা গেছে।

এদিকে সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপসচিব মোহাম্মদ মনির হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

আরও