প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একজন দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারে না। কারণ তাদের মূল লক্ষ্য থাকে দেশকে এগিয়ে নেয়া। আজ রোববার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন দেশকে এগিয়ে নেয়ার সুযোগ এসেছে। দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান- এ তিনটি আদর্শ ধারণ করতে পারলে আমরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হব।

কলেজের অধ্যক্ষ ড. মাহফিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এছাড়া আরো ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহবুবুর রহমান।

এর আগে মন্ত্রী কলেজ ভবনে শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ এবং জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করেন।

আরও