মুন্সিগঞ্জে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানদের সামনে আরিফ মীর (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের এ হামলায় তার চাচাতো ভাই ইমরান খানও (২২) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাহ কামাল গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফ গ্রুপের বিরোধ রয়েছে। শাহ কামাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী। সোমবার সকালে আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একদল তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। পরে গুলিবিদ্ধ ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের বড় মেয়ে জান্নাত আক্তার বলেন, ‘আমাদের সামনে গুলি করে হত্যা করা হয়েছে বাবাকে।’
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এদের মধ্যে আরিফ হাসপাতালে আসার আগেই মারা যান। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এক সপ্তাহের ব্যবধানে একই ইউনিয়নে গুলি করে দুজনকে হত্যার ঘটনা ঘটল। এ আগে ২ নভেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষক লীগ নেতার ছেলে তুহিন দেওয়ানকে (২২) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলাকারীরা।