আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১৩তম কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা করেছি।’
সানাউল্লাহ জানান, ৪ হাজার ৩০০-এর মতো ইউনিয়ন পরিষদে নির্বাচন ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে সম্পন্ন হবে। পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন হবে ২১ জানুয়ারি।
ইসি ঘোষিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি। তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচন হবে যথাক্রমে ২৯ এপ্রিল ও ১৩ মে। আর ২৭ মে পঞ্চম ও শেষ ধাপে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হয়েছে।
ইসি সানাউল্লাহ আরো বলেন, প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে। প্রতি নির্বাচনের ৬ সপ্তাহ আগে তফসিল ঘোষণা করবে জেলা প্রশাসক।
অবশ্য এর আগে সাত ধাপে ইউপি নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছিল ইসি। এ সম্পর্কে গত ১৪ সেপ্টেম্বর কমিশনের প্রাক-প্রস্তুতিমূলক সভা শেষে সানাউল্লাহ জানান, বিভিন্ন বার্ষিক পরীক্ষা ও ধর্মীয় উৎসব বিবেচনা করে ১২ নভেম্বর শুরু করে ২৭ মে’র মধ্যে ভোট গ্রহণের সেই প্রাথমিক সূচি তৈরি করা হয়েছে।
তখন তিনি বলেছিলেন, দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টিতে আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের বাধ্যবাধকতার কারণে দ্রুত নির্বাচন আয়োজন করতে হচ্ছে।
পরবর্তী সময়ে প্রতিক্রিয়ায় সরকারের বিভিন্ন পক্ষ থেকে তারিখ নিয়ে ইসির সঙ্গে সমন্বয়হীনতার কথা বলা হলে ইসি জানায়, ঘোষিত তারিখ চূড়ান্ত কিছু নয়। এরপর ইসি ও সরকার উভয় পক্ষ থেকেই বলা হয়, আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরু হয়ে জুনে শেষ হবে।