বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ দিতে আরো ৪৬টি প্রতীক বাছাই করে নিয়েছে নির্বাচন কমিশন। এসব প্রতীকের আইনি প্রক্রিয়া (ভেটিং) সম্পন্নের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। বর্তমানে ইসির তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত হলে ইসির প্রতীক সংখ্যা দাঁড়াবে ১১৫। গতকাল ইসির সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের তফসিলে প্রতীক যুক্ত করতে সংশ্লিষ্ট কমিটি মোট ১৫০টি প্রতীক চূড়ান্ত করে। কিন্তু কমিশন এই ১৫০টির মধ্যে কাটছাঁট করে ১১৫টি প্রতীক তফসিলে যুক্ত করার সিদ্ধান্ত দেয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় চাইলে এখান থেকে প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে সুপারিশ জানাতে পারে।
তারা আরো জানান, দলের সংখ্যা বাড়ছে। এছাড়া নতুন দলগুলোকে নিবন্ধন দেয়ার কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। নিবন্ধন পেতে এরই মধ্যে ১৪৭টি নতুন দল আবেদন করেছে। তাই ভবিষ্যতে দলের সংখ্যা বাড়লে যাতে প্রতীক কম না পড়ে তাই উদ্যোগটি নেয়া হয়েছে। তবে আইন মন্ত্রণালয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করতে যে প্রস্তাব পাঠানো হয়েছে এতে ‘শাপলা’ প্রতীক রাখা হয়নি বলে জানিয়েছেন তারা।